পাকিস্তানে সব কটি আসনে ফল ঘোষণা, সরকার গঠন এগিয়ে কারা

১১ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৩৮:৫৫

পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের ৬০ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা একটার দিকে দেশটিতে সবকটি আসন ২৬৪ টিতে ফল ঘোষণা করা হয়। 

ঘোষিত ফলাফলে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা। ২৬৪ আসের মধ্যে তার সমর্থক প্রার্থীরা পেয়েছে ১০১ আসন। অন্যদিকে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৭৫ আসন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১৭টি আসন। 

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে সাধারণ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শেষ হয় ভোট গ্রহণ। এরও প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার ভোর থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে ২৬৪ আসনে ফল ঘোষণা করা হয়েছে। সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। এ ছাড়া বাকি ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে- ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থিরা ৯৭ আসনে জয় পেয়েছেন। অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল) জয় পেয়েছে ৭৬ আসনে এবং পাকিস্তান পিপল পার্টি পেয়েছে ৫৪ আসনে জয়। অন্যান্য দল পেয়েছে ৩৭টি আসন। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য