প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ছুটির দিনে জমজমাট বই মেলা

৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫:৫২

সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: ছুটির দিন শুক্রবার সকালেই জমে ওঠে বইমেলা। শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সকালে মেলার দ্বার খোলার পর থেকেই আসতে শুরু করে শিশু-কিশোরের দল। তাদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বড়দের আগমনের হার। প্রকাশক ও বিক্রয়কর্মীরা বলছেন, মেলার গত শুক্রবারের তুলনায় গতকাল সকালে পাঠকের উপস্থিতি ও বিক্রি বেশি ছিল।

সকাল ১১টা থেকে ছিল ‘শিশু প্রহর’। নানা বয়সের শিশুদের পদচারণায় মুখর ছিল শিশু চত্বর। অভিভাবকদের হাত ধরে এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বই কিনেছে তারা। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি অভিভাবকরাও।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মেলায় পাঠক-দর্শনার্থীর সমাগম ছিল চোখে পড়ার মতো। শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর আর গোটা সোহরাওয়ার্দী উদ্যানে যেন মানুষের মেলা বসেছিল। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ছিল উপচেপড়া ভিড়। দুপুরের পর দল বেঁধে ঢাকাসহ আশপাশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বইপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন মেলায়। এ দিন মেলার প্রায় প্রতিটি স্টলে সব বয়সী দর্শনার্থী ও ক্রেতার উপস্থিতি দেখা যায়। কেউ বই কিনছেন আবার কেউ নতুন বই দেখেছেন। আবার অনেকেই বিভিন্ন স্টলের সামনে লেখকদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন। বন্ধুদের সঙ্গে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন অনেক তরুণ-তরুণী। এদিকে সকালের দিকটা ছিল শিশু-কিশোরদের আনাগোনায় মুখরিত। আর বিকেল থেকে রাত অবধি সময়টা ছিল বড়দের। এ সময়টাতে তিল ধারণের ঠাঁই ছিল না।

প্রথমা প্রকাশনীর এক বিক্রয়কর্মী জানান, মেলায় এখন অনেক নতুন বই এসেছে। আগে যারা ক্যাটালগ সংগ্রহ করেছিলো। তারা এসে এখন সেই পছন্দের বইগুলো কিনছে। যার কারণেই মেলার অন্য কোন ছুটির দিনের তুলনায় আজ বিক্রি ভাল হচ্ছে।

মেলায় আসা ঢাকা মেডিকেলের শিক্ষার্থী সাইফুল ইসলাম সুমন বলেন, ‘মেডিকেলের শিক্ষার্থী হলেও বাংলা বই আমার ভালো লাগে। আমি মেলায় এসে বই সংগ্রহ করি। বিভিন্ন বিষয় ধরে ধরে নতুন চিন্তার সঙ্গে পরিচিত হই।’

মূলত একই সাথে পূর্বাচলে চলছে বাণিজ্য মেলা। সেই তুলনায় বই মেলার ভিড় ছিল চোখে পড়ার মত। লাইন ধরে ঢুকতে ও বের হতে হয়েছে দর্শনার্থীদের। যা গত কয়েক বছরের রেকর্ডকে হার মানিয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য