ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কতদিন বৃষ্টি থাকবে
ফাইল ছবি
আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে আগামী তিন দিন ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খানের সই করা ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। শেষ ২৪ ঘণ্টার (শুক্রবার) পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা কমার পাশাপাশি দিনের তাপমাত্রা বাড়তে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘দানা’য় পরিণত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৬.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) বুধবার সকাল ৬টায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য