যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
আরিফুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরির পর অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির বোলিং তোপে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। এ জয়ের ফলে সুপার সিক্স নিশ্চিত করলো টাইগার যুবারা। শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লমফন্টেইনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২৯১ রান তুলতে পারে শিবলি-আরিফুলরা। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ১২১ রানের বড় জয় পায় জুনিয়র টাইগাররা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই রান আউটের শিকার হন ভব্য মেহতা। ১৩ বলে ৫ রান করে আউট হন তিনি। এরপর সিদ্ধার্থ কাপ্পাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন যুক্তরাষ্ট্রের আরেক ওপেনার প্রণনভ চেট্টিপালায়ম। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে যুক্তরাষ্ট্র।
নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৭৬ বলে নিজের ফিফটি তুলে নেন চেট্টিপালায়ম। ৪৪ বলে ১৮ রান করে কাপ্পা আউট হলে, ৯০ বলে ৫৭ রান করে রান আউটের ফাঁদে পড়েন চেট্টিপালায়ম। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি যুক্তরাষ্ট্রের অধিনায়ক ঋষি রমেশ। ২২ বলে ৮ রান করে ফেরেন তিনি।
উৎকর্ষ শ্রীবাস্তবাকে সঙ্গে নিয়ে রান পিচে টিকে থাকার লড়াই করেন আমোঘ আরেপল্লী। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১৪ রানে আরেপল্লী আউট হলে, ৪৯ বলে ৩৭ রান করে ক্যাচ আউট হন শ্রীবাস্তবা। এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। পার্থ প্যাটেল (০), অরিন নাদকার্নি (০), অতেন্দ্র সুবেন্দ্র (০) ও খুশ ভালালা ১২ রানে আউট হলে ১৭ বল হাতে থাকতেই ১৭০ রানেরই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ১২১ রানের জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চান উইকেট শিকার করেন মাহফুজুর রহমান রাব্বি। এ ছাড়াও ইকবাল হোসেন ইমন,পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, আরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য