ইতালিতে ৭ মাস বেকার, বাংলাদেশি যুবকের ‘আত্মহত্যা’

২৬ জানুয়ারি ২০২৪, ৬:১৭:১৪

ছবি: সংগৃহীত

ইতালিতে সুমন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। রাজধানী রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কে একটি গির্জার পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও দূতাবাসের ধারণা (২৩ জানুয়ারি) রাতে তিনি আত্মহত্যা করেন বুধবার (২৪ জানুয়ারি) সকালে এক পথচারী তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ও দূতাবাসের ধারণা গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে তিনি আত্মহত্যা করেন। জানা গেছে, সুমন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নীলখী পরবোর হোমনা চম্পক নগরে। তার বাবার নাম বারিক।

এ ঘটনায় কুমিল্লার মুরাদ মহিবুর নামে এক ইতালি প্রবাসী ফেসবুকে লিখেছেন, সুমন মিয়া সাত মাস আগে ইতালির রোম শহরে এসেছেন। মাত্র ২৫ বছরের ওই যুবক ইতালিতে সোনার হরিণ ধরতে এসেছিলেন। কিন্তু দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ করে দিয়েছেন। এমন নির্মম মৃত্যু কারোই কাম্য নয়।

তিনি আরও লিখেছেন, ইতালিতে নতুন করে যারা আসবেন, তারা অবশ্যই বৈধপন্থায় স্পন্সর ভিসায় আসবেন। কৃষি ভিসায় এসে এখানে তেমন কোনো কাজ নেই। তাই আপনজন না থাকলে না আসাটাই ভালো।

এদিকে রোমে বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী জানান, আত্মহত্যার ঘটনাটি তারা জেনেছেন। এ ব্যাপারে পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পেয়েছে। কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত দূতাবাস কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে দূতাবাস ইতোমধ্যে ওই যুবকের পাসপোর্টের তথ্য অনুযায়ী দেশে যোগাযোগ করেছে। পুলিশের তদন্ত শেষ হলে দূতাবাস পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য