বুধবার ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ

রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি, জিনিসপত্র লুটপাট

৬ অক্টোবর, ২০২৪ ৭:৩৪:৫৫
ছবি : সংগৃহীত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ৬ থেকে ৭টি যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে ডাকাত দল কয়েকজনকে আহত করেছে বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন।

শনিবার গভীর রাতে পাংশা উপজেলার পাছপাড়া গোপালপুর শিহর আমতলী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, ডাকাতির চেষ্টা করা হয়েছে কোনো যাত্রীর কাছ থেকে কিছু খোয়া যায়নি।

পুলিশ বলছে, খবর পেয়ে পাংশা ও কুষ্টিয়ার খোকশা থানার টহল দল ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।

রোববার (৬ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।

তিনি বলেন, শনিবার রাত আড়াইটার দিকে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। খবর পেয়ে পাংশা থানা ও খোকশা থানার টহল পুলিশ যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পরে রাস্তা থেকে সব গাছ সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

এর এক সপ্তাহ আগেও রাত ২টার দিকে পাংশার গান্ধিমারা হাইওয়ে থানার কাছাকাছি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।

ডাকাতির কবলে পড়ে সড়কে আটকে ছিলেন কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনের যাত্রী ও একটি জাতীয় দৈনিক পত্রিকার কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহিন। তিনি শনিবার রাত ২টার দিকে তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এইমাত্র ডাকাতির কবল থেকে বেঁচে গেলাম। মহান আল্লাহ তায়ালা সহায় ছিলেন। ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় রাজবাড়ী অংশের সীমানায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনের ৫ থেকে ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এসব পরিবহনে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও দামি মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। পরিস্থিতি বেগতিক দেখে আমি খোকসা ও পাংশা থানা-পুলিশকে জানালে দ্রুত দুই দিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজার আবু জাফরসহ স্থানীয় কয়েকজন জানান, পাংশার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর শিহর আমতলা কবরস্থানের সামনে ডাকাতি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এখন ডাকাতের অভয়রণ্য। প্রায় প্রতিরাতেই হচ্ছে ডাকাতি, আজ আমিও এর শিকার। দুঃখ প্রকাশ করার ভাষা নেই।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD