বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির যাত্রা শুরু
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে শিশু-কিশোররা
বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি যাত্রা শুরু করেছে। শীর্ষ পর্যায়ের ফুটবলে সবরকম আধুনিকতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা ক্লাবটি এই একাডেমির মধ্যদিয়ে আরেকটি স্বপ্ন পূরণের পথে পা বাড়ালো।
রবিবার (৬ অক্টোবর) বৃষ্টির মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে হাজির হয় একঝাঁক শিশু-কিশোর। তাদের আগামীর তারকা বানানোই একাডেমির লক্ষ্য। কেউ বাবা, কেউবা মায়ের হাত ধরে আসে বসুন্ধরা কিংসের একাডেমিতে নিজের ছাপ রাখতে।
বয়সভিত্তিক তিনটি ক্যাটাগরিতে (৬-১১, ১১-১৫ ও ১৫-১৮ বছর) প্রায় ৭০ জনকে নিয়ে শুরু হচ্ছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির কার্যক্রম।
এ প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আজ আমাদের একাডেমির যাত্রা শুরু হলো। এই একাডেমি চালু করা আমাদের স্বপ্ন বলতে পারেন। যদিও এখনই পূর্ণাঙ্গ একাডেমি বলা যাবে না। তার পরও যাত্রা শুরু হলো। আমরা আশাবাদী, এখানে যারা অনুশীলন করবে তারা একসময় বসুন্ধরা কিংসের মূল দলেও সুযোগ পাবে।’
তিনি বলেন, ‘সপ্তাহে তিন দিন দেওয়া হবে ফুটবল প্রশিক্ষণ। যদিও শুরুতে অনাবাসিক হলেও এক বছরের মধ্যে আবাসিক অনুশীলন শুরু করবে কিংস। আমাদের প্রাথমিক পর্যায়ে অনাবাসিক রেখেছি। যদিও আবাসিকের জন্য সাড়া বেশি ছিল। আমরা হয়তো ছয় মাস বা এক বছরের মধ্যে আবাসিকে যাব।’
শুরুতে ভর্তি হতে একজনের জন্য খরচ করতে হচ্ছে ১০ হাজার টাকা, মাসিক বেতন ছয় হাজার করে।
ইমরুল বলেন, ‘শুধু ঢাকা নয়, আটটি বিভাগীয় শহরে ট্যালেন্ট হান্ট করব। সেখানে যদি প্রতিভাবান খেলোয়াড় পাই তাহলে তাদেরকে সম্পূর্ণ বিনা বেতনে আমাদের একাডেমিতে সুযোগ করে দেব। যখন আবাসিক ক্যাম্প শুরু হবে তখন তাদেরকে নিয়ে আসা হবে। ’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য