সাকিবকে নিয়ে সুসংবাদ দিলো রংপুর রাইডার্স
ফাইল ছবি
আজ বুধবার (২৪ জানুয়ারি) রাতে সিঙ্গাপুরে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে সিলেটে উড়াল দিয়েছেন রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার। নিজেদের অফিসিয়াল ফেসবুজ পেজে সাকিবের সিলেট যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রংপুর ।
চোখের চিকিৎসা শেষে সাকিব কি রংপুরের হয়ে এবারের বিপিএল আসরে আর খেলবেন? সিলেট পর্বেই কি বাবর আজমকে সঙ্গে নিয়ে মাঠে নামবেন তিনি? এমন প্রশ্নের উত্তর জানতে কৌতূহলী সাকিব ও রংপুরের সমর্থকরা। অবশেষে এই প্রশ্নের জবাব দিয়েছে রংপুর। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল পাঁচটা নাগাদ নিজেদের পেজে রংপুর জানায়, দলের সাথে যোগ দিতে উড়াল দিচ্ছেন রাইডার সাকিব আল হাসান।
প্রসঙ্গত, অনেক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। সিঙ্গাপুরে সাকিবের চিকিৎসা শেষে গতকাল বুধবার রাতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর উদ্ধতি দিয়ে বিসিবি থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সাকিব বাঁ-চোখে সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) সমস্যায় ভুগছেন। এটি মূলত চোখের রেটিনার সমস্যা। মেকুলাতে সমস্যা হলে দৃষ্টিতে সমস্যা হয়ে থাকে। আপাতত বিসিবির মেডিকেল কমিটির পর্যবেক্ষণে আছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।
সাকিবের চোখের মেকুলায় তরল জমা হয়েছে। যা সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি নামে পরিচিত। আপাতত বিসিবির অধীনে দেখভাল করা হবে সাকিবের চোখের সমস্যা। পর্যবেক্ষণ শেষে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিসিবির মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিসিবির বিবৃতিতে দেবাশীষ চৌধুরী বলেন, ‘সাকিব বাম চোখের সূক্ষ্ম সমস্যায় ভুগছেন। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি রোগের সংক্রমণ পাওয়া গেছে। আপাতত তার সমস্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি এমন একটি অবস্থা যা চোখের রেটিনাকে প্রভাবিত করে। যা দৃষ্টিশক্তিতে ব্যাঘাত ঘটায়। সাকিবের ব্যাপারটি মেডিকেল দল গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং কার্যকরভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেবে।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য