ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের ২৭ কমিটি
ফাইল ছবি
আন্দোলন মোকাবিলায় ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার দায়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত তিন থানার বিভিন্ন ওয়ার্ডের মোট ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার সভা করে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান।
মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে প্রায় ৫ ঘণ্টা ধরে এ সভা চলে। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।
কোটা সংস্কার আন্দোলনের সময় টানা কয়েকদিন সহিংসতা হয় ঢাকার বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগের পক্ষ থেকে মাঠে থাকার নির্দেশনা দেওয়ার পরও অনেকটাই নিষ্ক্রিয় দেখা গেছে স্থানীয় নেতা-কর্মীদের। ফলে নেতাদের বিরুদ্ধে আন্দোলন মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ ওঠে দলের ভেতরে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য